Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৭:০৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:০০

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক জরুরি সভা আহ্বান করেছে।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ নেতাদের এই গুরুত্বপূর্ণ সভাটি শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সাংগঠনিক সভায় দেশের প্রথম সারির প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাদের অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতাদেরও এই সভায় যোগ দিতে বলা হয়েছে। শুধু সাধারণ বিশ্ববিদ্যালয় নয়, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ছাত্রদল নেতাদেরও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ কলেজগুলোর সাংগঠনিক অবস্থান সুসংহত করতে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় যোগ দেবেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীনস্থ ইউনিটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে।

এই জরুরি সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ের আগেই সভায় উপস্থিত হয়ে সাংগঠনিক রিপোর্ট পেশ করার ও দিকনির্দেশনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর