Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় অতিক্রান্ত
এনসিপি প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৮:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুম। ফাইল ছবি

ঢাকা: নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

তিনি বলেন, ‘মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে আবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নুসরাত তাবাসসুম জমা দেন ৪টা ১৯ মিনিটে। আইন অনুযায়ী সময় অতিক্রান্ত হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করার সুযোগ না থাকায় তার নাম প্রার্থীদের তালিকায় রাখা হয়নি। ফলে জামায়াত জোটের জন্য বরাদ্দকৃত ১৩টি আসনের মধ্যে একটি আসন তাদের হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে, যা পরবর্তী সময়ে ভোটের মাধ্যমে অন্য কোনো দলের দখলে চলে যেতে পারে।’

বিজ্ঞাপন

একই জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। সরকারি ব্যাংক থেকে পদত্যাগের তিন বছর পার না হওয়ায় আইনি মারপ্যাঁচে স্থগিত করা হয়েছে তার প্রার্থিতা। আরপিও অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা থেকে অবসর বা পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য পদের যোগ্য হন না। মনিরা শারমিন গত ডিসেম্বরে কৃষি ব্যাংকের চাকরি ছাড়ায় তার ক্ষেত্রে এই সময়সীমা পূর্ণ হয়নি।

রিটার্নিং কর্মকর্তা তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দিলেও আইনি সীমাবদ্ধতার কারণে তার প্রার্থিতা টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বর্তমানে জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও এনসিপির এই দুই নেত্রীর বিড়ম্বনায় জোটের আসন সংখ্যা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীরা সঠিক সময়েই তাদের মনোনয়ন নিশ্চিত করেছেন।

ইসির ষোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর