ঢাকা: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি বলেন, এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় করা হয়েছে। আমরা আশা করি এই সমন্বয় পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেলিমা রহমান বলেন, ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে এবং আমরাও কাজ করব।
এসময় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান সেলিমা রহমান।