Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৩:২১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:০০

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের মনোনীত প্রার্থীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৪টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

আজ সকাল ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিরোধী দলীয় জামায়াত জোটের প্রার্থীরা।

জামায়াত জোটের জন্য বরাদ্দকৃত মোট ১৩টি আসনের মধ্যে বণ্টন অনুযায়ী প্রার্থীরা হলেন- ‎নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু ও তাসমিয়া প্রধান।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম পরে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

প্রার্থীরা ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক এএইচ এম হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‎বর্তমান আইন অনুযায়ী, সংসদের সাধারণ আসনে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে হিসাবে এবার বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন।

এদিকে  ক্ষমতাসীন বিএনপি জোট মনোনীত ৩৬ জনের তালিকা ঘোষণা করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্য থেকে কয়েকজন জমা দিচ্ছেন।

‎ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর