ঢাকা: পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
রোববার (২২ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে তিনি রওয়ানা হন। তার এই সফরের বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব্যক্তিগত কর্মসূচির অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যে গিয়েছেন।
উল্লেখ্য, এর আগের দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করেন ডা. জোবাইদা। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এছাড়া পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।