ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে আসে।
তিনি উল্লেখ করেন, ঈদ ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। হিংসা-বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে এই উৎসব মানুষের হৃদয়ে প্রশান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
নাহিদ ইসলাম বলেন, এ দেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর। দীর্ঘ সময় ধরে অনেকেই ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে আজ একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ সৃষ্টি হয়েছে—এই ত্যাগকে কখনো ভুলে যাওয়া উচিত নয়।
তিনি আহ্বান জানান, যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়ে আজও কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। পাশাপাশি আহত সংগ্রামীদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকারও আহ্বান জানান তিনি।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও তুলে ধরে তিনি বলেন, ঈদের আনন্দ ও পরিবারের সান্নিধ্য থেকে দূরে থেকেও তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন, যা গভীর শ্রদ্ধার দাবি রাখে।
একজন সচেতন মুসলিম হিসেবে সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই এই উৎসবের মূল শিক্ষা।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে যেন ঈদ বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি।