Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে মনোনয়ন দৌড়ে আলোচনায় যারা

মো. মহসিন হোসেন স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ২২:২৫ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ০৮:০২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের মেয়র পদে মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিএনপি সরকার গঠন করেছে গত ১৭ ফেব্রুয়ারি। এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের চিঠি পেয়ে নির্বাচন কমিশন তিন সিটির নির্বাচন করার বিষয়ে আলোচনাও শুরু করেছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য হয়ে যায়।

বিজ্ঞাপন

প্রায় ১৮ মাস মেয়র শূন্য সিটি করপোরেশন চলেছে প্রধান নির্বাহীর অধীনে। এদিকে বিএনপি সরকার শপথের পাঁচ দিনের মাথায় গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে দলীয় নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ধানের শীষের পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ‘যেসব সিটির মেয়াদ শেষ হয়েছে সেখানে দ্রুতই নির্বাচন হবে।’ সে কারণে রাজনৈতিক মহলে ঢাকা উত্তর সিটির মেয়র পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে আলোচনা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে নির্বাচিত হন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতে আত্মগোপনে চলে যান আতিকুল। পরে তিনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এদিকে ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যস্ততার কারণে এতদিন নির্বাচন করা সম্ভব হয়নি।

২০২০ সালের নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি এবারও তাবিথ আউয়ালকে মনোনয়ন দিতে পারে। তবে এই দৌড়ে আরও আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ ও মোস্তফা জামান। এদের মধ্যে থেকে কেউ মনোনয়ন পাবেন, না কি প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া শফিকুল ইসলাম খানকে দল মনোনয়ন দেব তা চূড়ান্ত হবে দলীয় ফোরামে।

অপরদিকে জামায়াতে ইসলামী থেকে এর আগেও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন প্রতিদ্বন্দিতা করেছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, এবারও সেলিম উদ্দিন জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একজন প্রার্থী থাকবেন।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমি ঢাকা উত্তর সিটির মেয়র পদে দলীয় মনোনয়ন চাইব। হাই কমান্ড যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে বিজয়ের ব্যাপারে আশাবাদী।’

এদিকে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমি সবসময় দলের নির্দেশে রাজনীতি করি। দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষে থাকব।’

তিনি বলেন, ‘এর আগে দু’টি নির্বাচনে তাবিথ আউয়াল দল থেকে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আওয়ামী সরকারের অধীনে ওই নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। এবার তার একটা অগ্রাধিকার থাকবে।’

নির্বাচনের ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সারাবাংলাকে বলেন, ‘আমাদের প্রার্থী এখনো ঠিক হয়নি। তবে আমরা নির্বাচনে অংশ নেব। বিগত দিনেও আমরা অংশ নিয়েছি, এবারও প্রার্থী থাকবে।’

বিজ্ঞাপন

আরো

মো. মহসিন হোসেন - আরো পড়ুন
সম্পর্কিত খবর