ঢাকা: ‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই তাহলে কি নিয়ে বাঁচব!’— এমন আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দৃষ্টিগোচর হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আরামবাগ এলাকায় অসুস্থ বৃদ্ধা রাহেলা খাতুনের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল। সেখানে তারা বৃদ্ধার শারীরিক অবস্থা ও সার্বিক খোঁজ-খবর নেন এবং তার হাতে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার-সামগ্রী তুলে দেন।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি বৃদ্ধার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও আশ্বাস দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি দৃঢ়ভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার সেই আবেগঘন বক্তব্যই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দলীয় নেতাদের নজরে আসে।