ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নতুন গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী। গত ডিসেম্বরেই তার মালিকানাধীন রফতানিকারক প্রতিষ্ঠান ‘হেরা সোয়েটার্স লিমিটেডের’ ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
তিনি বলেন, এমন একজন ব্যক্তিকে গভর্নর নিয়োগ করে আর্থিকখাতকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া হলো। দেশের আর্থিকখাত যখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এমন অবিবেচক সিদ্ধান্ত একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। দেশের অর্থনীতি ও আর্থিকখাতের মূল নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশ ব্যাংকের কাছে। আধুনিক বিশ্বের বহুমাত্রিক ও জটিল অর্থব্যবস্থায় এই ধরনের নিয়ন্ত্রক সংস্থায় ব্যাংক ও অর্থনীতি সংশ্লিষ্ট একাডেমিক ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিৎ। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ ব্যাংকে আমলা বা বাস্তব অভিজ্ঞতাহীন একাডেমিশিয়ান নিয়োগ দিয়ে দেশের আর্থিকখাতের সর্বনাশ করা হয়েছে।
গাজী আতাউর বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে আহসান এইচ মনসুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রিজার্ভ পুনরুদ্ধার, বিনিময় হারের অসামঞ্জস্য দূর এবং দীর্ঘ প্রতীক্ষিত ব্যাংকিং খাত সংস্কার শুরু করেন। এর মধ্যে তিনি দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করেন, সুশাসন জোরদার করেন এবং খেলাপি ঋণ মোকাবিলায় ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ গঠনের উদ্যোগ নেন।
‘বুধবার (২৫ ফেব্রুয়ারি) মব সৃষ্টি করে তাকে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করতে বাধ্য করা হয় এবং সরকার তার নিয়োগ বাতিল করে এমন একজনকে নিয়োগ দেয় যার অর্থনীতি নিয়ে পড়াশোনাও নাই, বাস্তব কাজের অভিজ্ঞতাও নাই।’