ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ এর মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয় পুনরায় চালুর অপচেষ্টা চলছে, এমন অভিযোগ তুলে তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে জুলাই ঐক্য।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির সংগঠক মুন্সি বুরহান মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের পর পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে কার্যালয় খোলা বা খোলার প্রক্রিয়া চলছে, এমন তথ্য তাদের কাছে আসছে বলেও উল্লেখ করা হয়। বিষয়টিকে প্রচলিত আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার পরিপন্থি দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
জুলাই ঐক্যের দাবি, গণ-অভ্যুত্থানে আহত অনেকেই এখনো চিকিৎসাধীন এবং শহিদ পরিবারগুলো শোক বহন করছে। এমন প্রেক্ষাপটে কার্যালয় পুনরায় চালুর উদ্যোগ জাতির আত্মত্যাগের প্রতি অসম্মান।
এ পরিস্থিতিতে সারা দেশে সংগঠিত তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জুলাই ঐক্য। কোন জেলায় কার্যালয় চালু হয়েছে, কোথায় প্রক্রিয়াধীন বা চালুর পর বন্ধ হয়েছে, এসব তথ্য সংগ্রহই এ কর্মসূচির উদ্দেশ্য। নাগরিকদের নির্দিষ্ট অনলাইন ফরমে কার্যালয়ের নাম, অবস্থান, কার সহযোগিতায় চালু হয়েছে ইত্যাদি তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির ভাষ্য, আইনের শাসন ও গণরায়ের প্রতি সম্মান নিশ্চিত করতে নাগরিক অংশগ্রহণই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।