জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের পরপরই বিভিন্ন সমস্যা ও অভিযোগ আসলেও তা সমাধান করেছে নির্বাচন কমিশন, এমন দাবি করেছেন জবি শিক্ষক সমিতি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি রইছ উদ্দিন এ দাবি করেন।
রইছ উদ্দিন বলেন, ‘ভোট গ্রহণের শুরুতেই শহীদ সাজিদ ভবনের ২১২, ২১৩ ও ২১৭ নম্বর কেন্দ্রগুলোতে ভোটগ্রহণে বিলম্বের অভিযোগ এসেছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে পর্যবেক্ষণ করি এবং দেখেছি, সামান্য বিলম্ব হয়েছে শুধুমাত্র পোলিং এজেন্টদের উপস্থিতির কারণে। পরবর্তীতে তা সমাধান হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে আরও একটি অভিযোগ এসেছিল যে প্রার্থীরা ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে কি না। বিষয়টি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করি।’
শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘আমরা ক্যাম্পাস ঘুরে দেখেছি যে অনেক জায়গায় অহেতুক ভিড় তৈরি হচ্ছে, যা নির্বাচনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যারা এরইমধ্যেই ভোট দিয়েছেন তাদেরকে দ্রুত ক্যাম্পাস থেকে চলে যেতে বলা হয়েছে।’