Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৫:৪২

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবের পাঁচ কোটি তিন লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা ফ্রিজ করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট পাঁচ কোটি তিন লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের আদেশ অনুযায়ী অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

জসীম উদ্দিন খান বলেন, সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়, মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে।

তিনি জানান, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের সনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো