ঢাকা: জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশেও প্রতি বছর প্রায় ৫ হাজার শিশু এ ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। একটি সফল অস্ত্রোপচার শুধু শিশুর শারীরিক সমস্যার সমাধানই করে না, বরং তার স্বাভাবিক জীবনযাপন, শিক্ষা ও সামাজিক বিকাশের নতুন সুযোগ তৈরি করে।
তিনি বলেন, জন্মগত এ ধরনের সমস্যার চিকিৎসা নিশ্চিত করতে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ইসমাইল জাবিউল্লাহ জানান, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সরকারি কর্মচারী হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজেশনের পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা সরকারি কর্মচারী হাসপাতালের নতুন কল সেন্টারেরও উদ্বোধন করেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।