Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগস্টে ‘প্রবাসী কার্ড’ উদ্বোধন, মিলবে ১০ বিশেষ সুবিধা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২০:৩৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’ আগামী আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে এ কার্ড ইস্যু করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আগস্টের মাঝামাঝি সময়ে কার্ডটির পরীক্ষামূলক উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল লক্ষ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, আন্তর্জাতিক লেনদেন সহজ করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবায় অগ্রাধিকার দেওয়া। সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের ধারাবাহিকতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে- দেশে ও বিদেশে বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথ, ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সুবিধা, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে চিকিৎসায় বিশেষ ছাড়, কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন ও ইউটিলিটি সংযোগসহ বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্স রিওয়ার্ড, ঋণ সুবিধা এবং ব্যাংকিং ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার থাকবে।

বৈঠকে আরও জানানো হয়, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড চালু করা হলেও দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবে।

প্রধানমন্ত্রী বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর