ঢাকা: চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন (ডব্লিউএআইসি) ২০২৬-এ যোগ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি উদ্যোক্তা, গবেষক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
শুক্রবার (১৭ জুলাই) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিবও বক্তব্য রাখেন। বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল উন্নয়ন ও পরিচালনা ব্যবস্থা, পাশাপাশি এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচালনা ব্যবস্থা, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় আলোচনা এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। এসব বৈঠকে তিনি ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন, স্মার্ট সুশাসন (প্রযুক্তিনির্ভর সুশাসন) এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং দক্ষতা বৃদ্ধি-এর ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর ও ডিজিটালভাবে ক্ষমতায়িত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে আরও জোরালোভাবে তুলে ধরবে।