টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ‘বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলনকক্ষে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। এরইমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্রের জন্য শহিদরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই গণতন্ত্র যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রয়েছে। দেশের স্বার্থে সকলকেই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে, এটি আজকের দিনে আমাদের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদ আবু সাইদ, মুগ্ধ, টাঙ্গাইলের মারুফসহ যারা শহিদ হয়েছেন, তাদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনা করি। এ ছাড়াও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করি। সরকার শহিদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।’
সভায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মহসিন কবিরসহ সকল শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বীথি, শহিদ মারুফের মা মোর্শেদা বেগমসহ অনেকেই।
এর আগে, সকালে প্রতিমন্ত্রী টাঙ্গাইল হ্যালি মাঠের পাশে জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।