Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব দরবারে শক্তিশালী হবে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড: সংসদে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৬:৪২

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: দেশে আন্তর্জাতিক মানের ডিজিটাল ডিভাইস উৎপাদন ও সংযোজনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকার যুগোপযোগী শুল্ক সুবিধা প্রদান করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষ্য, ‘সরকারের এই সিদ্ধান্তের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে স্থানীয় শিল্পের বিকাশ ঘটবে এবং ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্ব দরবারে আরও শক্তিশালী হবে।’

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সুলতানা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, নেটওয়ার্ক ডিভাইস, মনিটর, ডিজিটাল ওয়াচ ও মোবাইল প্রযুক্তি পণ্য দেশে উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এই খাত বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ডিজিটাল ডিভাইস উৎপাদনের সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্ক, সমুদয় সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং মূল্য সংযোজন কর মওকুফ করা হয়েছে। একইভাবে দেশে এসব পণ্য সংযোজনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্কসহ সমুদয় সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং মূল্য সংযোজন কর মওকুফ করার সুবিধা দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন শুল্ক সুবিধার ফলে দেশের বাজারে অনেক কম দামে উন্নত প্রযুক্তির পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে শিক্ষা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে।’