ঢাকা: ফ্রান্সে চলতি মাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা শুরু করার কথা থাকলেও সেখানে কার্যক্রমটি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে চলতি মাসেই সুইডেনে এনআইডি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৪ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হওয়ার জন্য সেখানকার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। দূতাবাস থেকে জানানো হয়েছে এখনও তারা প্রস্তুত নয়। তাই আপাতত দেশটিতে কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আরও জানা গেছে, আগামী ২৮ জুলাই ইসির এনআইডি শাখার পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি কারিগরি টিম সুইডেনে যাবে। এরপর ৩০ জুলাই এনআইডি মহাপরিচালক এইচএম আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা টিম সুইডেনে গিয়ে কার্যক্রম পরিচালনা করবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই প্রতিনিধি দলগুলোর চলতি মাসের ২০ ও ২২ জুলাই ফ্রান্সে যাওয়ার কথা ছিল।
সুইডেনের পাশাপাশি চলতি মাসেই সিঙ্গাপুর ও বাহরাইনেও এনআইডি সেবা শুরু হচ্ছে। সরকারি আদেশ অনুযায়ী, বাহরাইনে কার্যক্রম শুরুর লক্ষ্যে ১৩ জুলাই চার সদস্যের একটি কারিগরি টিম এবং ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে। অন্যদিকে, সিঙ্গাপুরের উদ্দেশে আগামী ২৭ জুলাই ৪ সদস্যের একটি কারিগরি দল এবং ২৯ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল ঢাকা ত্যাগ করবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের মোট ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।
ফ্রান্সের পরিবর্তে সুইডেনে এনআইডি কার্যক্রম শুরু করছে ইসি
সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৮:৩৪
১৪ জুলাই ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৮:৩৪
সারাবাংলা/এনএল/এসএস