ঢাকা: কয়েক দিনের বিরতির পর চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে রোববার (১২ জুলাই) থেকে এ রুটে সব ট্রেন নিয়মিত চলাচল শুরু করেছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্লাবিত হয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
তিনি আরও জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয়। অল্প সময়ের মধ্যেই ষোলোশহর-জানআলীহাট সেকশনের রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়।
এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা, চট্টগ্রাম-কক্সবাজার এবং কক্সবাজার-চট্টগ্রাম রুটের সব ট্রেন নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
সাময়িক এ ভোগান্তির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।