Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমর্থকদের ধন্যবাদ জানাল ঢাকার নরওয়ে দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৮:৪৮

ঢাকা: ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গিয়ে নরওয়ের ফুটবল দল হেরে গেছে।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এক আবেগঘন বার্তায় ঢাকার নরওয়ে দূতাবাস খেলোয়াড়, সমর্থক এবং দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছে।

রোববার (১২ জুলাই) দূতাবাসের বার্তায় বলা হয়, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আসা এবং ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা আমাদের জন্য গর্বের।

যদিও আজ আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে, তবে এ টুর্নামেন্ট আমাদের এমন অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, যা বহু বছর ধরে হৃদয়ে থাকবে।

দূতাবাস জানায়, এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় ছিল ‘ভাইকিং রো’।

বিজ্ঞাপন

গ্যালারি থেকে শুরু করে সংসদ, স্কুল এবং বিশ্বের বিভিন্ন দেশে নরওয়েজিয়ান সমর্থকদের এ অভিনব সমর্থন ব্যাপক সাড়া ফেলেছে।

নরওয়ে টুর্নামেন্টজুড়ে অকুণ্ঠ সমর্থনের জন্য সব ভক্ত ও সমর্থকদের আন্তরিক কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে বিশ্বকাপে এখনও প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলগুলোর জন্য শুভকামনাও জানানো হয়।

বার্তার শেষে নরওয়েজিয়ান ভাষায় লেখা হয়, ‘টাক, নরগে! হেইয়া নরগে!’-অর্থাৎ, ‘ধন্যবাদ, নরওয়ে! এগিয়ে যাও নরওয়ে!’

শনিবার রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচে যুক্তরাজ্যের কাছে পরাজিত হয় নরওয়ে।

সারাবাংলা/একে/এসএস