Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় পরিবেশ পদক’ পেলেন ঢাবির প্রোভিসি ড. সালাম

ঢাবি করেস্পন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২২:৫৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ গ্রহণ করেন ঢাবির প্রোভিসি অধ্যাপক ড. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তার হাতে এই পদক তুলে দেন।

উল্লেখ্য, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন ২০২৬ এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে প্রায় ২৫ বছর যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। বায়ু দূষণ, Atmospheric Science, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে তিনি বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ ও এসংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. আবদুস সালাম দেশ-বিদেশে অসংখ্য সম্মেলন ও কর্মশালায় অংশ নেন এবং ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেন।

জাতীয় পরিবেশ পদক লাভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাগণ প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর তিন জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর