ঢাকা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৫ জুলাই) রাত ১১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে আয়োজিত রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে স্পিকার নিহত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
সফরকালে তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া সফরের সময় স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। তিনি বাংলাদেশ সফরের জন্য গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং দুই দেশের সংসদীয় সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।