Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৫:৩৪

সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ বর্তমানে আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে লিখিত বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০১৯ এর তথ্য উদ্ধৃত করে এই চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ‘আর্সেনিক ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নানা পদক্ষেপ নিয়েছে। গ্রামাঞ্চলে নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ২০২৬ সাল নাগাদ প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গভীর নলকূপ ছাড়াও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপনের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে ২০২৬ সালের মধ্যে আর্সেনিক ঝুঁকিতে থাকা মানুষের হার ৫ থেকে ৬ শতাংশে নেমে আসবে।’

আর্সেনিক ঝুঁকি নিরসনে সরকারের অর্জিত সাফল্যের বর্ণনা দিয়ে মন্ত্রী জানান, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি উৎস স্থাপন করা হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি এবং পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অধীনে ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি পানির উৎস স্থাপন করা হয়েছে। এছাড়াও পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১ লাখ ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর