ঢাকা: দেশে হামের উপসর্গে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২১১ শিশু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৪৫ শিশু।
সোমবার (২৯ জুন) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৪৫ শিশুর মধ্যে নিশ্চত হামে ৪১ শিশু এবং সন্দেহজনক হামে ১ হজার ৪ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২১১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ১৯৩ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৭১৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৬২৩ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।