ঢাকা: ইরানে আটকে পড়া ৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। তেহরানের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (২৯ জুন) ইরানের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, এসব বাংলাদেশির দেশে ফেরার পথ মোটেও সহজ ছিল না। ৩ জন নাগরিকের মধ্যে দুইজন নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় গুরুতর আহত হন এবং দেশে ফেরার আগে তাদের চিকিৎসার প্রয়োজন হয়। অপর একজন বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলে চলমান সংঘাতের সময় তুরস্ক সীমান্তের দিকে যাওয়ার পথে আটক হয়ে দুর্ভোগের শিকার হন। দূতাবাসের উদ্যোগ ও আইওএম-এর ঘনিষ্ঠ সহযোগিতায় তাদের তেহরানে এনে নিরাপদ আবাসন, খাবার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং দেশে ফেরার সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়। তাদের যাত্রাপথে আর্থিক সহয়তার পাশাপাশি বাংলাদেশে পৌঁছানোর পর পুনর্বাসনের জন্যও আইওএম তাদের আর্থিক সহায়তা দেবে।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতার জন্য বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বাংলাদেশ দূতাবাস তেহরান সর্বদা প্রবাসে বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের পাশে রয়েছে এবং সবাইকে অনুরোধ জানাচ্ছে অনিয়মিত অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথ পরিহার করার জন্য। এ ধরনের যাত্রা জীবনহানি, গুরুতর আঘাত, দীর্ঘস্থায়ী আটক কারণ হতে পারে।