ঢাকা: পবিত্র আশুরা এবং ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। এ সময় হাজারো ভক্ত খালি পায়ে বুক চাপড়িয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি হোসাইনি দালান, বকশি বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশী বাজার (কল পাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্সল্যাব মোড়, ধানমণ্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবির ৪ নম্বর গেইট, সাত মসজিদ রোড হয়ে ধানমণ্ডি লেকের পাড়ের ‘প্রতীকী কারবালা প্রান্তর’-এ গিয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
নিয়াজ মেহেদী বলেন, ‘মিছিল পরিচালনার জন্য ডিএমপি পূর্ব থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। মিছিলের সময় সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করেন। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।’