ঢাকা: আইন-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা রাজধানীতে আইন-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টায় ছিল।’
নিয়াজ মেহেদী বলেন, ‘থানাভিত্তিক গ্রেফতারের মধ্যে শ্যামপুর থানায় ১ জন, মোহাম্মদপুর থানায় ১ জন, পল্লবী থানায় ১ জন, খিলক্ষেত থানায় ১ জন, রূপনগর থানায় ১ জন ও উত্তরা পূর্ব থানায় ২ জন রয়েছে। রাজধানীর ছয়টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি জানান, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।