Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৪:৫৩ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:০৪

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী

ঢাকা: স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) অর্জিত উন্নয়ন অগ্রগতি টেকসই রাখতে বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) প্রতিশ্রুতি পূরণ এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসকের যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক এলডিসির উন্নয়ন অগ্রগতি ঝুঁকির মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ় ও কার্যকর সহায়তা প্রয়োজন।’

বিজ্ঞাপন

বাংলাদেশের এলডিসি উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে উত্তরণকাল ৩ বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

উত্তরণের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে এলডিসিগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও সহায়তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

২০২৭ সালের মার্চে কাতারে অনুষ্ঠিতব্য দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং সুনির্দিষ্ট ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।