ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে তারা।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা গেছে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সন্ত্রাসী কার্যক্রম এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে সেনা মোতায়েন করা হচ্ছে। আজকেই সব জায়গায় সেনা মোতায়েন করা হবে।
এদিকে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে।
ডিএমপি জানিয়েছে, দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দিনটি উপলক্ষ্যে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
অন্যদিকে র্যাবের পক্ষ থেকেও বলা হয়েছে, ঢাকাসহ সারাদেশে র্যাবের সদস্যও মোতায়েন করা হবে। কোনো নিষিদ্ধ সংগঠনের কাউকে মাঠে নামতে দেওয়া হবে না।