ঢাকা: দেশের অলাভজনক ও বন্ধ থাকা কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে আয়োজিত এক বিশেষ রোড শো-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারও অংশগ্রহণ করেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা, রানার, টি কে, ব্র্যাক, নাবিল, স্কয়ার, ট্রান্সকম, আকিজ ও লাল তীরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধাররা রোড শো-তে উপস্থিত ছিলেন।
দেশি ব্যবসায়ীদের পাশাপাশি জাপানের বিখ্যাত মারুবেনি কর্পোরেশন, টয়োটা সুশো কর্পোরেশন, সুমিতোমো কর্পোরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড এবং জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধিরা অংশ নেন।
এতে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।