Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেড ক্রিসেন্ট’র নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ২০ জুন ২০২৬ ২০:১৭

ব্যারিস্টার আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক সই করা একটি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়ে জানানো হয়। আগামকাল রোববার (২১ জুন) রেড ক্রিসেন্ট’র সোসাইটির জাতীয় সদর দফতরে মো. আব্দুস সালামের যোগদানের কথা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নম্বর আদেশ-এর ১০ (১) আর্টিকেল এ বর্ণিত ক্ষমতাবলে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ব্যারিস্টার মো. আব্দুস সালাম ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত আলহাজ মাহমুদ মিয়া এবং মা মৃত আলহাজ মাইমুন নেছা। তিনি লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট ল সম্পন্ন করেন। লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে PgDPL, এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি, এলএলএম সম্পন্ন করেন।

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে আইন পেশা, মানবাধিকার, সুশাসন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্যারিস্টার সালাম অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ইস্ট লন্ডন ল’ চেম্বার্স -এর প্রধান উপদেষ্টা।

শিক্ষা, মানবাধিকার ও সমাজকল্যাণে অবদানের জন্য ব্যারিস্টার সালাম বিশেষভাবে পরিচিত। তিনি লইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনাল (এলভিআই)-এর প্রতিষ্ঠাতা এবং বিবি’স ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক। তার উদ্যোগে সিলেটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক ও জনসেবায় তার দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তার এ অভিজ্ঞতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর