ঢাকা: বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুর্যোগ পূর্বকালীন প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হা্বিব দুলু এমপি’র সাথে সাক্ষাৎকালে তিনি এ অভিমত প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়ন ভূমিকম্পের উদ্ধার অভিযান, আরলি ওয়ার্নিং সিস্টেম, রেসকিউ সেন্টার এসব বিষয়ে বাংলাদেশকে আরও সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্বাচিত সরকারের সময়ে আরও নিবিড় ও গভীর হবে।
মন্ত্রী বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য ইউনিয়নকে ধন্যবাদ দেন এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।