ঢাকা: আইন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। অর্থ মন্ত্রণালয়ের কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান।
রোববার (১৪ জুন) সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এই দু’টি কমিটিই ১০ সদস্য বিশিষ্ট করা হয়েছে। জামায়াতে ইসলামীর দু’জন এবং এনসিপির একজন করে সংসদ সদস্যকে দুই কমিটিতেই সদস্য হিসেবে রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের মইনুল ইসলাম খান ও লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন।
এই কমিটিতে জামায়াত থেকে সদস্য হয়েছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন এবং ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন। আর এনসিপি থেকে এই কমিটিতে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।
আইন মন্ত্রণালয়ের কমিটির সদস্যরা হলেন আইনমন্ত্রী- মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম ও লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান।
এই কমিটিতে জামায়াত থেকে সদস্য হয়েছেন- পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন এবং নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপির থেকে এই কমিটিতে সদস্য হয়েছেন রংপুর-৪ আসনের আখতার হোসেন।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (১০ জুন) পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা হয়। সংসদীয় এবং মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সংখ্যা মোট ৫০টি। রোববার পর্যন্ত আটটি কমিটি গঠন করা হয়েছে এবং এর পাশাপাশি আরও দুটো বিশেষ কমিটি গঠন করা হয়েছে।