ঢাকা: কক্সবাজারে প্রায় দুই‘শ কিলোমিটার গাড়ি (১৯৭) ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার(১৩ জুন) কক্সবাজারে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি ড্রাইভ করার এই তথ্য জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শনিবার কক্সবাজারে সফরে গিয়েছিলেন। তিনি বিমান বন্দরে নেমে নিজেই গাড়ি ড্রাইভ করেছেন । ১৯৭ কিলোমিটার পথ ঘুরে রাতে আবার বিমান বন্দরে ফেরেন নিজেই গাড়ি ড্রাইভ করেই।
প্রধানমন্ত্রীর গাড়িতে সামনের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পেছনের আসনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রতিটি ভেন্যুতে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন, স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিজের হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুনঃ:খনন কাজের উদ্বোধন করেছেন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জনসভা ও সুধী সমাবেশে অংশ নিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে যেভাবে মানুষের ঢল নেমেছিলো, আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছান শনিবার সকালে বিমানের ফ্লাইটে। কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন, ডুলাহাজারা, মালুমঘাট, পেকুয়া, , মাতামুহুরী, চকরিয়া, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রভৃতি স্পট ঘুরে রাত সোয়া ১২টায় প্রধানমন্ত্রী বিমান বন্দরে আসেন।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তারেক রহমান বিভিন্ন সময়ে গাড়ি ড্রাইভ করেছেন। তবে এতো দীর্ঘ পথে তারেক রহমানের ড্রাইভ এই প্রথম।