Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাই চেষ্টা করলে বাংলাদেশের বাতাসকে বিশুদ্ধ করতে পারব: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৮:২২ | আপডেট: ১৩ জুন ২০২৬ ২১:৩৭

কক্সবাজারের ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তারা যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, এই বিষয়টি মাথায় রেখে প্রত্যেকে যার যেখানে সম্ভব একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। সবাই মিলে চেষ্টা করলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে একটি পরিষ্কার ও বিশুদ্ধ বাতাসে রূপান্তর করা সম্ভব হবে।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি জনসাধারণের প্রতি এই আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকভাবে পরিষ্কার শ্বাস নিতে পারবে। তিনি আরও বলেন, আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতের গ্যারান্টি দেই, যেখানে তারা পরিষ্কার পরিবেশে বাস করবে।

বিজ্ঞাপন

গাছের চারা রোপণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনের আগে দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটি ওয়াদা ছিল যে আমরা সরকার গঠন করতে পারলে দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব। আমাদের লক্ষ্য থাকবে বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানো এবং সেই অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। সারাদেশের জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, নিজ নিজ জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের প্রত্যাশা এই যে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুক ভরে মুক্ত শ্বাস গ্রহণ করতে পারে, সেরকম একটি পরিবেশ আমরা গড়ে তুলতে পারব।

এর আগে সকালে প্রধানমন্ত্রী আকাশপথে স্বস্ত্রীক কক্সবাজারে পৌঁছান। সেখানে তিনি প্রায় পঞ্চাশ বছর আগে তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলীখাল পুনঃখননকাজ উদ্বোধন করেন। এরপর তিনি পাশেই একটি পথসভায় যোগ দেন। পথসভায় দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ৬০টি পণ্যের কর বাতিল করায় অন্যবারের মতো এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। দেশকে অস্থিতিশীল করে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারাই মূলত এই গণমুখী বাজেটের সমালোচনা করছে। তিনি আরও বলেন, এই দেশই বিএনপির শেষ ঠিকানা, তাই আমরা দেশের মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর