Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হার্টের রিংয়ে ১০ শতাংশ ভ্যাট অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৮:১৬ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৯:৪৪

ছবি: সারাবাংলা

ঢাকা: চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট পেশ করার সময় এই প্রস্তাবনা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবায় পকেট খরচ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স-এর সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্ট-এর মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাবে। আর চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাবে।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য Blood Tubing Set for Hemodialysis-এর আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭.৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। ফলে কিডনি ডায়ালাইসিস-এর খরচ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে।’

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। এটি বিএনপি সরকারের ১৭তম বাজেট।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর