Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:৩৮

২০২৬-২০২৭ বাজেটে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে নতুন করে ব্যাংক হিসাব খুলতে হলে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

নতুন নিয়ম অনুযায়ী, যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে গেলে টিআইএন সনদ প্রদর্শন করতে হবে। তবে কিছু ক্ষেত্রে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন বাধ্যতামূলক নয়। একই সঙ্গে নো-ফ্রিলস অ্যাকাউন্ট, যেমন ১০ টাকার হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য ব্যবহৃত অ্যাকাউন্ট এবং পেনশনভোগীদের হিসাবেও টিআইএন দেখাতে হবে না।

বিজ্ঞাপন

দেশে বর্তমানে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে ভবিষ্যতে নতুন হিসাব খোলার ক্ষেত্রে কর নেট সম্প্রসারণের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, এ উদ্যোগের মাধ্যমে করজাল সম্প্রসারণ ও আর্থিক খাতের স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে সাধারণ ব্যাংক গ্রাহকদের মধ্যে বাড়তি আনুষ্ঠানিকতার চাপ তৈরি হতে পারে বলেও মত রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কর ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে এ ধরনের নীতি সংস্কার নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর