Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৮:১৭ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৯:৩১

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিন বিকেলে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করছিলেন।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম প্রশ্ন রেখে বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তাসহ জনস্বার্থে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, জনস্বার্থে সেই নির্দেশনাগুলো কী কী?’

বিজ্ঞাপন

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও কমিশনারদের বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা নিতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত বাস্তবসম্মত ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নিতে হবে।’

সংসদ নেতা বলেন, ‘সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে সরকারি সেবা প্রদান হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।’