Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদ্-দ্বীন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী, শিগগিরই পদক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৭:১৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকা: আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট নয় জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি। এটি অনেকটা অস্পষ্ট রিপ্লাই। আমি এতে সন্তুষ্ট নই।’

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শোকজের জবাবের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-কাহিনি তারা লিখেছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ বিষয়ে আজকের বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের অবস্থানও বৈঠকের সিদ্ধান্তের পর জানানো হবে।’

এর আগে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ (অপারেশন পরবর্তী) ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে মারা যায়। এই মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিবেশগত ত্রুটি এবং অন ডিউটি (দায়িত্বরত) চিকিৎসক ও নার্সদের চরম গাফিলতির প্রমাণ মিলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যে ওয়ার্ডটিতে নবজাতকদের রাখা হয়েছিল, তা শিশু ও অস্ত্রোপচার হওয়া রোগীদের থাকার উপযোগী ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং এয়ার কন্ডিশনার (এসি) ব্যবস্থা নিয়মিত সচল ছিল না। এছাড়া, ঘটনার সময় ওই ওয়ার্ডে কোনো দায়িত্বশীল চিকিৎসক উপস্থিত ছিলেন না। ফলে শিশুদের অবস্থা যখন খারাপ হতে শুরু করে, তখন তাদের জরুরি ও সময়মতো কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নবজাতকগুলো জন্মের সময় সম্পূর্ণ সুস্থ ছিল। তাদের কোনো নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউ) বা ইনকিউবেটর সহায়তার প্রয়োজন ছিল না। কিন্তু হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো জরুরি পদক্ষেপ নিতে পারেনি।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর