Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার মোতায়েন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২১:০৭

আনসার। ফাইল ছবি

ঢাকা: দেশের সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (৮ জুন) আনসার সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের মধ্যে সই করা সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তা চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। এই উদ্যোগ সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করেছে।

বিজ্ঞাপন

বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও থানায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।

এ ছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আনসার সদর দফতর আরও জানায়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর