ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার সংসদ পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন।
সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার শীর্ষে থাকা সদস্য অধিবেশন পরিচালনা করবেন বলে তিনি জানান।
সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন-সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম সেলিমা রহমান। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক। তালিকায় তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন বরিশাল-৩ আসনের জয়নুল আবেদিন। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী পঞ্চম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মারা গেছেন। সংসদীয় রীতি মেনে প্রয়াত এসব সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের স্মরণে শোক প্রকাশ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং কিছু সময় নীরবতা পালন করা হয়।