Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের পথপ্রদর্শক: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেট
৪ জুন ২০২৬ ১৭:০১

ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় জীবনের নানা গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়িয়ে আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তিনি সাহসী ভূমিকা পালন করেন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ এবং বিচার বিভাগের কার্যকারিতা বৃদ্ধিতে কাজ করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতার সময়ে জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নেন। গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় তার ভূমিকা ইতিহাসের অংশ হয়ে আছে।’

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো গণতান্ত্রিক আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠে না; এর পেছনে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, নির্যাতন এবং অসংখ্য মানুষের আত্মদান থাকে।’ তিনি দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন রাজনৈতিক মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের এই ত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ভূমিকা রেখেছে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থান সবগুলোই গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত। ইতিহাসকে সামগ্রিকভাবে মূল্যায়ন করতে হবে এবং কোনো আন্দোলনের অবদান খাটো করে দেখার সুযোগ নেই।’

তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলতুতমিশ সওদাগর এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন-এর সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ ঢাকা আইনজীবী সমিতির নেতারা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।