ঢাকা: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও কসোভো।
উভয়পক্ষ বিশেষত বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রতিরক্ষা ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে জোর দিয়েছে।
বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক (আরএমজি), ওষুধ, আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, জাহাজ, পাট ও চামড়াজাত পণ্য আমদানির আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে তৈরি পোশাক, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রক্রিয়াজাতকরণ, পেট্রোলিয়াম, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা রয়েছে।’ এসব খাতে কসোভোকে বিনিয়োগের আমন্ত্রণও জানান তিনি।
শামা ওবায়েদ শিক্ষা, কর্মসংস্থান ও অভিবাসন খাতে বিদ্যমান অপ্রয়োগকৃত সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি কসোভোকে আরও বেশি সংখ্যক বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।
এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৬৫ শতাংশ জনগোষ্ঠীর বয়স ৩৫ বছরের নিচে, যা দেশটিকে দক্ষ জনশক্তির একটি টেকসই উৎসে পরিণত করেছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কসোভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বৃদ্ধি, বৃত্তি, ফেলোশিপ ও অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, যুব ও ক্রীড়া খাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
কসোভোর রাষ্ট্রদূত বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, ‘কসোভো ইউরোপ ও বলকান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।’
তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, শিক্ষার্থী বিনিময়, জনশক্তি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, প্রবীণদের সেবাদান, পেশাগত প্রশিক্ষণ, বেসরকারি খাতের সহযোগিতা, যুব ও ক্রীড়া, ব্যবসা-টু-ব্যবসা যোগাযোগ এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-কসোভো সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।