Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২১:০৪

সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও তাদের প্রত্যাশা বাস্তবায়নে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদের প্রধান দায়িত্ব হল আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনা। কার্যপ্রণালি বিধি শুধু একটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদ সদস্যদের দায়িত্ব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয় না, বরং একটি কার্যকর সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও সুইজারল্যান্ডের সহায়তায় পরিচালিত ‘এসআইপিএস’ কর্মসূচি সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে।’

অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয় এবং সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই সংসদ পরিচালিত হওয়া উচিত।’

অনুষ্ঠানে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘একজন সংসদ সদস্যকে তার নির্বাচনী এলাকার মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় আনতে হয়।’

দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর