ঢাকা: বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন পূর্তিতে জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।
বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা নেওয়া হতো, যার সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল। এই অতিরিক্ত চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল, যা সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে নিরসন হল।