ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন তিনি এই সফর করবেন।
সোমবার (১ জুন) সকালে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর সফরের প্রস্তুতির বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। এই সফরের আলোচ্যসূচি এবং বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সফরের বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হবে।
আঞ্চলিক ভূরাজনীতি ও ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ায় বিশেষ সতর্কতা ও গুরুত্বের বিষয়টি সামনে এসেছে। এর আগে নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ভারত বা চীনের পরিবর্তে মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।