Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩০ বাংলাদেশিকে রাশিয়া পাঠিয়ে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১১:০৭ | আপডেট: ২ জুন ২০২৬ ১৩:৩০

ছবি: সংগৃহীত।

ঢাকা: প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে ৩টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

অভিযুক্ত এজেন্সি তিনটি হলো আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সি।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যাক্তি বা গোষ্ঠীকে ছাড় দেয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এরই মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ যেতে চাওয়া নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর