ঢাকা: ঈদুল আজহার টানা ছুটি রোববার (৩১ মে) শেষ হচ্ছে। ফলে সোমবার (১ জুন) থেকে খুলবে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।
ঈদের সময় সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে সব ব্যাংকে শুরু হবে স্বাভাবিক লেনদেন। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শনি ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।
এর আগে ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পান।
ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করে কাটাবেন।