ঠাকুরগাঁও: দেশে দিন দিন কৃষিজমি কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ চলবে না।’
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ‘ভাতার মারি ফার্ম’-এ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।’
তিনি আরও বলেন, ‘আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।’
বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানগুলোও ঘুরে দেখেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী ফখরুলের এ আশ্বাসে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।