ঢাকা: পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় আজ সোমবার (২৫ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
আজ সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের আসনের টিকিট বিক্রির মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।
ঘরমুখী যাত্রীদের টিকিট কাটার ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, গত ২১ মে থেকে পর্যায়ক্রমে ৩১ মে এবং ১, ২ ও ৩ জুনের ফিরতি টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ শেষ দিনে ৪ জুনের টিকিট কাটার মধ্য দিয়ে শেষ হচ্ছে এই বিশেষ কার্যক্রম।
এবারের ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কিছু কড়া নিয়ম যুক্ত করা হয়েছে। এই বিশেষ সময়ে কেনা ফিরতি টিকিট যাত্রীরা কোনোভাবেই রেলওয়েকে ফেরত দিতে বা রিফান্ড করতে পারবেন না। পাশাপাশি একজন টিকিটপ্রত্যাশী নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে, একের অধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে কাউন্টার বা অনলাইনে বুকিংয়ের সময়ই অন্য সহযাত্রীদের নাম ও তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।